বিচ্ছেদ-গুঞ্জনের মাঝেই পায়ে চোট নিয়ে ক্যামেরাবন্দি আকাঙ্ক্ষা চমোলা
চোট থাকা সত্ত্বেও আকাঙ্ক্ষাকে হালকা নীল রঙের ড্রেস এবং সাদা হিল জুতো পরে দেখা যায়। পায়ে চোট নিয়ে হিল জুতো পরার বিষয়টি নজর এড়ায়নি নেটাগরিকদের।
আকাঙ্ক্ষা চমোলার একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছোট নীল রঙের পোশাকে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। তবে তাঁর সাজের পাশাপাশি নজর কেড়েছে বাঁ পায়ের চোট। কী হয়েছে অভিনেত্রীর পায়ে? নিজেই খোলসা করলেন।
ছবিশিকারিদের সঙ্গে কথা বলার সময় আকাঙ্ক্ষা জানান, তাঁর হাঁটু এবং পাঁজর— দুই জায়গাতেই চোট লেগেছে। কী হয়েছে জানতে চাওয়া হলে মজার ছলে তিনি বলেন, “হাঁটু গিয়েছে। পাঁজরও গিয়েছে।” কী ভাবে চোট পেলেন? হাসতে হাসতে অভিনেত্রী বলেন, “আমি নিজের বাড়িতে স্টান্ট করছিলাম, তখন হয়েছে এ সব।”
চোট থাকা সত্ত্বেও আকাঙ্ক্ষাকে হালকা নীল রঙের ড্রেস এবং সাদা হিল জুতো পরে দেখা যায়। তাঁর পায়ে চোট থাকা সত্ত্বেও হিল জুতো পরার বিষয়টি নজর এড়ায়নি নেটাগরিকদের। অনেকেই সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। পা সেরে ওঠার আগেই কেন হিল জুতো পরেছেন অভিনেত্রী? প্রশ্ন তাঁদের।
এক জন লিখেছেন, “বোন, এই অবস্থায় হিল জুতো পরা উচিত নয়।” অন্য এক জন মজা করে লেখেন, “হিল, ব্যান্ডেজ, সব নিয়েও ছবি তুলতেই হবে! ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হওয়ার নতুন উপায়।”
সম্প্রতি স্বামী গৌরব খন্নার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা ঘিরেও খবরের শিরোনামে এসেছেন আকাঙ্ক্ষা। ‘লক আপ ২’-এ তিনি জানিয়েছিলেন, প্রায় এক বছর ধরে আলাদা থাকছেন তাঁরা। তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলেও জানান অভিনেত্রী। ২০১৬ সালে বিয়ে হয় তাঁদের। পরে আকাঙ্ক্ষা স্পষ্ট করেন, বিচ্ছেদের সিদ্ধান্তটি দু’জনে মিলেই নিয়েছেন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, এখনও বিচ্ছেদের কাগজে সই করেননি তাঁরা।