রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ২২ আগস্ট ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২২ আগস্ট ২০২৬ ০৬:৫৬ অপরাহ্ন
বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী
বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন: ভূমিমন্ত্রী

 সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করতে করতেই বেগম খালেদা জিয়া চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) প্রতিষ্ঠিত হয়েছিল।

শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপির কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান মিনু বলেন, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়া রাজশাহীতে এসে আরএমপির কার্যক্রমের শুভ সূচনা করেন এবং হেডকোয়ার্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাঁর উদ্যোগেই রাজশাহীতে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। প্রতিষ্ঠার পর থেকে আরএমপি আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে ভূমিমন্ত্রী বলেন, ‘আজকের এই দিনে আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতবাসী করুন। শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতিই আজ তাঁর জন্য কাঁদছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ছিল। পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক ব্যবসার মাধ্যমে বিভিন্ন চক্র বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছে। মাদক ও মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে।

ভূমিমন্ত্রী বলেন, ‘আজকের এই শুভদিনে আমার সকল সহকর্মীকে অনুরোধ করব, রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইতোমধ্যে আরএমপি জনগণের আস্থা অর্জন করেছে। আমরা জনপ্রতিনিধিরা এখানে আছি। আইন তার নিজস্ব গতিতে চলবে। এ বিষয়ে আমরা কেউ আপনাদের কোনো ধরনের চাপ দেব না। আমার সন্তান যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেবেন।’

তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তাঁর নেতৃত্বেই দেশ সুখী, সমৃদ্ধ ও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবির। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক মেয়র ও বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমানসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপির কার্যক্রম শুরুর ঐতিহাসিক নামফলকটি পুনঃস্থাপন ও উদ্বোধন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু হয়। একই সময়ে আরএমপি হেডকোয়ার্টারেরও উদ্বোধন করা হয়েছিল।