রাজশাহীতে বিদ্যুতের তারে কাপড় মেলতে গিয়ে পুত্রবধূ ও শ্বশুরের মৃত্যু
রাজশাহীর চারঘাট উপজেলায় বৈদ্যুতিক তারে ভেজা কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন তার শ্বশুরও। শুক্রবার দুপুরে উপজেলার অনুপমপুর কলোনিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—তানিয়া বেগম (২৫) ও তার শ্বশুর শমসের আলী (৬০)। তানিয়া ওই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। শমসের আলী একই গ্রামের মৃত রেকাত আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য তাকদিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাড়ির ভেতরে একটি ভ্যান চার্জে দেওয়া ছিল। সেখান থেকে বৈদ্যুতিক সংযোগের একটি তার গোয়ালঘরের দিকে নেওয়া হয়। শুক্রবার দুপুর ১টার দিকে তানিয়া ওই তারে ভেজা কাপড় শুকাতে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এসময় তাঁকে বাঁচাতে এগিয়ে যান শ্বশুর শমসের আলী। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।