বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজনীতি
08 Sep, 2026

রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দুপুরের পর ইসিতে জমা দেবে বিএনপি

অনলাইন ডেস্ক : ১৩ আগস্ট ২০২৬ ১২:২১ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক : ১৩ আগস্ট ২০২৬ ১২:২১ অপরাহ্ন
রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দুপুরের পর ইসিতে জমা দেবে বিএনপি
ছবি সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম জমা দিতে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর নির্বাচন কমিশনে (ইসি) যাবে বিএনপির একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

রাষ্ট্রপতি পদে মনোনয়ন ফরম গ্রহণের জন্য নির্বাচন কমিশন সার্বিক আয়োজন সম্পন্ন করেছে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে মনোনয়ন ফরম গ্রহণ করবেন।

এদিকে, আজ দুপুর ১২টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে দলের জ্যেষ্ঠ মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম এরই মধ্যে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। 

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী বৈধ থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদে ভোট অনুষ্ঠিত হবে। ভোট হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির প্রার্থী নির্বাচনে সুবিধাজনক অবস্থানে থাকবেন—এমন রাজনৈতিক হিসাব রয়েছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করেছে।