রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
31 Oct, 2026

রেলকর্মীদের ওপর হামলারাজশাহীতে মানববন্ধন-বিক্ষোভ, জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক : ১০ আগস্ট ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১০ আগস্ট ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন
রেলকর্মীদের ওপর হামলারাজশাহীতে মানববন্ধন-বিক্ষোভ, জড়িতদের শাস্তির দাবি
রেলকর্মীদের ওপর হামলারাজশাহীতে মানববন্ধন-বিক্ষোভ, জড়িতদের শাস্তির দাবি

 দায়িত্ব পালন করতে গিয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অভিযোগ, সরকারি দায়িত্ব পালনরত রেলকর্মীদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সরাসরি বাধা দেওয়ার শামিল।

সোমবার (১০ আগস্ট) দুপুরের দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একই দাবিতে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রেলভবনে গিয়ে শেষ হয়।

গত ৭ আগস্ট ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসে টিকিটবিহীন কয়েকজন যাত্রীকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। রেলওয়ে সূত্র ও আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী, ওই যাত্রীরা টিকিট ছাড়া এসি কোচে ভ্রমণ করছিলেন। নিয়ম অনুযায়ী তাদের কাছ থেকে ন্যূনতম ভাড়া ও জরিমানা আদায় করে নন-এসি কোচে যাওয়ার জন্য অনুরোধ করা হলে তারা ক্ষিপ্ত হয়ে রেলকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরোধের একপর্যায়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) আহসান উল্লাহ ভূঁইয়া ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এএসআই ফজলুর রহমানকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

মানববন্ধনে বক্তারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিন যাত্রীসেবা ও সরকারি দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনের সময় তাদের ওপর হামলা হলে কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনা রেলসেবার স্বাভাবিক কার্যক্রমকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।

তারা আরও বলেন, রেলওয়ের নিয়ম অনুযায়ী টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা আদায় করা দায়িত্বেরই অংশ। এ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী হামলার শিকার হলে ভবিষ্যতে অন্যরাও দায়িত্ব পালনে ঝুঁকির মধ্যে পড়বেন। তাই হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ট্রেন ও স্টেশনে রেলকর্মীদের নিরাপত্তা জোরদার করতে হবে।

মানববন্ধনে পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত চিফ কমার্শিয়াল ম্যানেজার (রাজস্ব) মো. মোস্তাফিজুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আমিনুল ইসলাম, রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মো. জিয়াউল আহসান, সিনিয়র লোকো মাস্টার মো. আমিনুল ইসলাম, সিনিয়র টিটিই মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রেলওয়ে সূত্র জানায়, ৭ আগস্ট সিল্কসিটি এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রী ওঠাকে কেন্দ্র করে প্রথমে ট্রেনের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে রাজশাহী স্টেশনে পৌঁছালে মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের আসাম কলোনি এলাকার কয়েকজনের সঙ্গে রেলওয়ের কর্মকর্তাদের বিরোধ হয়। একপর্যায়ে দুই রেলকর্মীকে মারধরের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ৮ আগস্ট সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়া বাদী হয়ে রাজশাহী রেলওয়ে থানায় মামলা করেন।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, হামলার প্রতিবাদে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। ৭ আগস্টের ঘটনায় ৮ আগস্ট সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়া বাদী হয়ে মামলা করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ ও তদন্তের ভিত্তিতে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।