রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
31 Oct, 2026

ফল আশানুরূপ না হওয়ায় বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : ১০ আগস্ট ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১০ আগস্ট ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ন
ফল আশানুরূপ না হওয়ায় বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা
ফল আশানুরূপ না হওয়ায় বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

 রাজশাহীর বাগমারা উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে কারিনা পাল (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সোমবার (১০ আগস্ট) উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এতে সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। পরে মায়ের সঙ্গে কথা বলে নিজ কক্ষে চলে যায়। একপর্যায়ে সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিম আহমেদ বলেন, কারিনা ভালো ছাত্রী ছিল। কী কারণে তার ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি, তা বলা কঠিন। পরীক্ষায় ফলাফল খারাপ হতেই পারে। এ কারণে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। তার পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ারও সুযোগ ছিল।

কারিনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, শিক্ষক ও স্থানীয়রা শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী ফলাফল বা অন্য কোনো কারণে মানসিকভাবে ভেঙে পড়লে তাকে একা না রেখে পাশে দাঁড়ানো এবং প্রয়োজন হলে পরিবার, শিক্ষক বা সংশ্লিষ্ট পেশাজীবীদের সহায়তা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো পক্ষ বাদী না হওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।