বরেন্দ্রকে টেকসই ও স্মার্ট কৃষি অঞ্চলে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগের আহ্বানবিএমডিএর সমন্বয় সভায় চেয়ারম্যান
বরেন্দ্র অঞ্চলের কৃষি, সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও টেকসই করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সার্বিক কার্যক্রম নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় রাজশাহীতে বিএমডিএর প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএমডিএর চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।
সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। একসময় খরা ও পানির সংকটে পিছিয়ে থাকা এ অঞ্চল বর্তমানে দেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে ভূগর্ভস্থ পানির সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভূ-উপরিস্থ পানির সর্বোচ্চ ব্যবহার, আধুনিক সেচ প্রযুক্তির সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সুষম ব্যবহার নিশ্চিত করে সেচ কার্যক্রম আরো গতিশীল করা এবং কৃষকের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিয়ে বরেন্দ্রকে টেকসই, সমৃদ্ধ ও স্মার্ট কৃষি অঞ্চলে রূপান্তর করাই বিএমডিএর মূল লক্ষ্য।
বিএমডিএ চেয়ারম্যান আরো বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রতিটি প্রকল্পের গুণগত মান, স্বচ্ছতা ও নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন আরো বেগবান করতে সবাইকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
সভায় চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সেচ কার্যক্রম, কৃষি উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরো গতিশীল করার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। এছাড়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা শেষে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, মো. নাজিরুল ইসলাম, মো. জিন্নুরাইন খান, এটিএম মাহফুজুর রহমান, মো. সমসের আলী ও শিবির আহমেদ, বিএমডিএর সচিব মো. মেহেদী হাসান, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, মো. আতিকুর রহমান, সৈয়দ জিল্লুর বারী, মো. মোস্তাফিজুর রহমান, হারুন-অর-রশিদ, মো. তোফাজ্জল আলী সরকার, মোসা. রুবিনা খাতুন, সানজিদা খানম মলি ও মো. তরিকুল ইসলামসহ রাজশাহী ও রংপুর বিভাগের সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি) এবং প্রকল্প পরিচালকরা।