নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন
উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি গত মঙ্গলবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদের স্থলাভিষিক্ত হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তিনি প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাই। ব্যারিস্টার আমিনুল হক একই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রীর দায়িত্বও পালন করেন।
এদিকে, নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। শুক্রবার রাজধানী ঢাকায় চেয়ারম্যানের দফতরে গিয়ে তিনি শুভেচ্ছা জানান। এসময় তারা নেসকোর কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।