কাঠমান্ডুতে ৯-১২ আগস্ট তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত হবে ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’। নেপাল আদিবাসী-উপজাতি সাংবাদিক ফেডারেশন (ফোনিজ-FoNIJ) এর উদ্যোগে এবং নেভাঃ (নয়া) ন্যাশনাল ফোরাম অব জার্নালিস্টস ও সার্ক জার্নালিস্ট ফোরামের সহযোগিতায় চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
সম্মেলনে বিশ্বের প্রায় ৪০টি দেশের মাতৃভাষাভিত্তিক গণমাধ্যমের সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম-সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন। বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষার সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
সম্প্রতি কাঠমান্ডুর নয়াবাজারে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় সম্মেলনের কর্মপরিকল্পনা ও সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। সভায় ফোনিজের সাধারণ সম্পাদক সমীর বলামী সম্মেলনের বিস্তারিত কর্মসূচি উপস্থাপন করেন।
চার দিনের কর্মসূচিতে প্যানেল আলোচনা, গবেষণাপত্র উপস্থাপন, অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা, নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং দেশটির ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ার আয়োজন থাকবে।
আয়োজকদের মতে, সম্মেলনের মূল লক্ষ্য হলো মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বিকাশ, এর পেশাগত মানোন্নয়ন এবং সরকারি নীতিনির্ধারণে মাতৃভাষার গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরা। একই সঙ্গে ভাষা, লিপি, সংস্কৃতি, ঐতিহ্য ও স্থানীয় জ্ঞান-সম্পদ সংরক্ষণ এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মাতৃভাষার সাংবাদিকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত সহযোগিতা বৃদ্ধি এবং ভাষাভিত্তিক সাংবাদিকতার আন্তর্জাতিক নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে।