জুলাই শহীদ দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তিনি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মহান জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করেন রাসিক প্রশাসক। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি স্মরণে বাদ জোহর জুলাই শহীদদের আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে রাজশাহী সিটি কর্পোরেশনের সোনাদীঘি জামে মসজিদ ও নগর ভবনের ওয়াক্তিয়া মসজিদসহ সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।