শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ বিক্ষোভ করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভয়াবহ দুর্যোগে দেশের বিভিন্ন এলাকা ডুবে গেছে। তার পরেও পরীক্ষা স্থগিত করা হয়নি। কোমর সমান পানি মাড়িয়ে পরীক্ষা দিতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের ছড়াছড়ি রয়েছে যা শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার বহিঃপ্রকাশ।
এসময় ‘দুর্যোগ আর পরীক্ষা একসাথে চলে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চাই ‘, ‘তুমি কে? আমি কে? ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ সহ নানা স্লোগান দেন তারা।
বিক্ষোভ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কপথ অবরোধ করে রাখেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে পড়েন। এসময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নানা শ্লোগান দেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীর কাছে একটি স্মারকলিপি জমা দেন।