রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
31 Oct, 2026

আগামীতে আরো নিরাপদ রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে : মিনু

নিজস্ব প্রতিবেদক : ০১ জুলাই ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০১ জুলাই ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
আগামীতে আরো নিরাপদ রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে : মিনু

 ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, দুষ্টের দমন করে আগামী দিনে আরো নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ে তোলা হবে। ভালো মানুষের জন্য এই মহানগরীকে আরো বসবাস উপযোগী করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বুধবার বেলা সাড়ে ১১টায় আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দফতরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ৩৪ বছর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে বাহিনীটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরএমপির সব সদস্যকে অভিনন্দন জানান ভূমিমন্ত্রী।

উদ্বোধনী আলোচনা শেষে আরএমপির সদর দফতর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দফতরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএমপির পক্ষ থেকে জানানো হয়, ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।