রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে ১২ জুন রাজশাহীতে বিভাগীয় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : ০৯ জুন ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৯ জুন ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন
দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে ১২ জুন রাজশাহীতে বিভাগীয় সমাবেশ
ছবি সংগৃহীত

 সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় দীর্ঘদিন ধরে কর্মরত প্রায় ৫০ হাজার দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, শ্রম অধিকার নিশ্চিতকরণ এবং আউটসোর্সিং ব্যবস্থা বাতিলের দাবিতে আগামী ১২ জুন রাজশাহীতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির উদ্যোগে শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজশাহী নগরীর পাঠানপাড়াস্থ নাইস কনভেনশন সেন্টারে এ সমাবেশ আয়োজন করা হয়েছে। এতে রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীরা অংশ নেবেন।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে কর্মরত হাজারো শ্রমিক-কর্মচারী এখনও চাকরির স্থায়িত্ব, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও মৌলিক শ্রম অধিকার থেকে বঞ্চিত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্প্রতি প্রণীত “দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫” এবং আউটসোর্সিং ব্যবস্থার সম্প্রসারণ দীর্ঘদিন কর্মরত শ্রমিক-কর্মচারীদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করে তুলেছে। এ পরিস্থিতিতে চাকরি স্থায়ীকরণ ও শ্রম অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান (জিয়া)। প্রধান বক্তার বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম শিশির শেখ। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পিয়াস। এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান (বাদল), যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান (রাসেল), সাইফুল ইসলাম, তাহেরা আক্তার (শান্তি), রফিকুল ইসলাম (রফিক) এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সাইদুর রহমান, আব্দুর রাসেল ও তোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে— আউটসোর্সিং ব্যবস্থা বাতিল ও কর্মরত কর্মচারীদের স্থায়ীকরণ, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি পুনর্নির্ধারণ, বিভিন্ন ভাতা ও রেশন সুবিধা চালু, নারী কর্মচারীদের জন্য ১৮০ দিনের সবেতন মাতৃত্বকালীন ছুটি, অন্যায় চাকরিচ্যুতি বন্ধ ও পুনর্বহাল এবং ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার নিশ্চিত করা।

সংগঠনিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক বোরহান উদ্দিন বলেন, “এটি শুধু শ্রমিকদের দাবি আদায়ের কর্মসূচি নয়, বরং কর্মসংস্থানের নিরাপত্তা, সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন।”