রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ০৩ জুন ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৩ জুন ২০২৬ ০৮:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 নগরজুড়ে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে বৃক্ষরোপণ-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী এক বছরে মহানগরীর বিভিন্ন স্থানে প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংস্থাটি।

বুধবার (৩ জুন) দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাসিক সূত্রে জানা যায়, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে ফুল, ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছ রোপণ করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ লাগানোর কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় তালাইমারী থেকে কাটাখালী পর্যন্ত সিটি করপোরেশনের শেষ সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রিজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠালবাড়িয়া-কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচণ্ডী ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন এবং বিসিক ম্যাচ ফ্যাক্টরি থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগানো হবে। পাশাপাশি ১ থেকে ৩০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্মুক্ত স্থানেও বৃক্ষরোপণ করা হবে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিবেশবান্ধব উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে এবং নগরবাসীর সহযোগিতায় কর্মসূচিকে সফল করা হবে।

তিনি নগরবাসীর প্রতি অন্তত একটি করে গাছ লাগানোর এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, গাছকে বাঁচিয়ে রাখাও জরুরি। আসুন, সবাই মিলে রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করি।”

রাসিক প্রশাসক আরো জানান, রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা ও পানি সরবরাহের ব্যবস্থা করা হবে। এ জন্য সিটি করপোরেশনের পরিবেশ শাখার কর্মীরা দায়িত্ব পালন করবেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমান, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনান এবং রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।