রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবসের আনুষ্ঠানিকতা শুরু
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬’-এর আনুষ্ঠানিক পর্দা উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী চেম্বার ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এতে স্বাগত বক্তব্যে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, যোগব্যায়াম শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক প্রশান্তি ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি যোগব্যায়ামের ইতিহাস, এর দর্শন এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়েও আলোচনা করেন।
তিনি আরো বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর বন্ধুত্বের এবং দুই দেশের সংস্কৃতির মধ্যে একটি চমৎকার যোগসূত্র রয়েছে। দুই দেশ হাতে হাত রেখে এই বন্ধুত্বের সম্পর্ককে আগামীতে আরো এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমানসহ অন্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান ব্যস্ত ও চাপপূর্ণ জীবনে সুস্থ ও সুষম জীবনযাপন নিশ্চিত করতে যোগচর্চার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
নিয়মিত যোগব্যায়াম মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক স্থিতিশীলতা, ইতিবাচক চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তারা উল্লেখ করেন।
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দিবসটির পর্দা উন্মোচন করা হয়।