রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
01 Nov, 2026

সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় বিএমডিএর প্রকৌশলী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : ১৩ মে ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ১৩ মে ২০২৬ ০৮:৪০ অপরাহ্ন
সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় বিএমডিএর প্রকৌশলী বরখাস্ত
ছবি সংগৃহীত

 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘অবশেষে দপ্তর রাজনৈতিক কার্যালয়ে পরিণত হলো! মাশাআল্লাহ!’—এমন স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক উপ-সহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা সাব্বির রহমান বিএমডিএর প্রধান কার্যালয়ের আইটি শাখায় কর্মরত ছিলেন। মঙ্গলবার বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।তাকে সাময়িক বরখাস্তের পাশাপাশি বিএমডিএর সার্কেল কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, গত ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সাব্বির রহমানের স্ট্যাটাসটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা বিএমডিএ চেয়ারম্যানের নজরে আসে। এতে চেয়ারম্যানসহ প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।

এতে আরো বলা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি বিধিমালা, ১৯৯৩ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী এ ধরনের মন্তব্য দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত ও শৃঙ্খলাপরিপন্থী। এ কারণে তার বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিএমডিএর রাজশাহী সার্কেল দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য সম্প্রতি চুক্তিভিত্তিকভাবে বিএমডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সচিব পদমর্যাদায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

জানতে চাইলে সাব্বির রহমান তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, সাব্বির রহমান স্বীকার করেছেন যে তিনি ওই স্ট্যাটাস দিয়েছেন। আর তাকে সাময়িক বরখাস্তের বিষয়টিও নিশ্চিত করেন বিএমডিএ চেয়ারম্যান।