হাম উপসর্গে রামেক হাসপাতালে ভর্তি হাজার ঠেকল, মোট মৃত্যু ৫৫
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল দুই মাসে হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা এক হাজারে ঠেকল। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪২ শিশু। আর মারা গেছে মোট ৫৫ শিশু। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টায় রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।
ডা. শঙ্কর কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার (১২ মে) থেকে বুধবার (১৩ মে) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ শিশু ভর্তি হয়েছে। এর আগের দিন ৯৯০ শিশু ভর্তি হয়েছিল। গত ২৪ ঘণ্টায় আরো ১০ শিশু ভর্তি হওয়ায় এই সংখ্যা মোট হাজারে গিয়ে দাঁড়াল।
তিনি আরো বলেন, হাসপাতালে এখন ১০৩ শিশু চিকিৎসাধীন অবস্থায় আছে। সর্বশেষ গেল ৬ মে হাসপাতালে হাম উপসর্গে এক শিশু মারা যায়। এরপর আর শিশু মারা যায়নি।
ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, হাম উপসর্গে মৃত্যু কমে আসলেও হাসপাতালে ভর্তি কমছে না। প্রতিদিন হাম উপসর্গে রোগী আসছে। চিকিৎসকরা সাধ্যমত চেষ্টা করছেন চিকিৎসা দিতে। এতেই মৃত্যু কমে এসেছে। আশা করা যায় রোগী ভর্তিও কমে আসবে।