রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
সাহিত্য ও সংস্কৃতি
08 Nov, 2026

শামীমা নাইস এর কবিতা

এশিয়া পোস্ট ১২ মে ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন সাহিত্য ও সংস্কৃতি
এশিয়া পোস্ট ১২ মে ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন
শামীমা নাইস এর কবিতা
শামীমা নাইস

জানালা খোলা ছিল তবু

শামীমা নাইস 


জানালা খোলা ছিল—

আকাশ ডেকেছিল দূর থেকে,

নীল এক অজানা স্বাধীনতা

ডানায় ডানায় কাঁপছিল তার।


তবু সে উড়ে গেল না।

গ্রীলের ধারে বসে

একবার শুধু ফিরে তাকালো—

যেন বলতে চাইলো,

“তুমি আছো তো এখনো?”

আমি কিছু বলিনি,

শুধু নীরবতায় ভর করে

আমার কাঁধ এগিয়ে দিলাম—

সে এল,

শিশুর মতো গলায় এসে বসলো,

বুকে মাথা রাখলো আলতো।


সেই মুহূর্তে

পৃথিবী আর আকাশের মাঝখানে

এক অদ্ভুত সেতু তৈরি হলো—

এক পাশে স্বাধীনতা,

আরেক পাশে মায়া।


আমি জানতাম ---ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয়,

আলগা হাতেও ফসকে না যাওয়ার বিশ্বাস। 


তাই জানালাটা খোলা রেখেই

আমি তার সাথে একটু হেঁটে নিলাম—

সে গেল না,

শুধু রয়ে গেল,

আমার নিঃশ্বাসের কাছাকাছি।


হয়তো সে জানে—

যাওয়ার দরজা খোলা থাকলেই

থাকাটা আরও সত্যি হয়।