রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
04 Nov, 2026

'শুধু ব্যবহারে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনী প্রযুক্তিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে’ : রুয়েট উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : ০৯ মে ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৯ মে ২০২৬ ০৮:১৪ অপরাহ্ন
'শুধু ব্যবহারে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনী প্রযুক্তিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে’ : রুয়েট উপাচার্য
ছবি সংগৃহীত

 রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, প্রযুক্তি শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের কাজ হবে বিজ্ঞানকে প্রযুক্তিতে রূপান্তর করা। প্রকৌশলী হিসেবে নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে হবে। আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকবো না, প্রযুক্তি তৈরি করব, প্রযুক্তি রফতানি করব। এই লক্ষ্য পূরণের জন্য যাদেরকে সবচেয়ে বেশি দরকার তারা হচ্ছে প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ। 

রুয়েটের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (৯ মে) রুয়েটের অডিটরিয়ামে তিন পর্বে তিনটি অনুষদের ১৪টি বিভাগের মোট ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী ওরিয়েন্টেশনের অংশগ্রহণ করে। রোববার (১০ মে) থেকে রুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।ছাত্রজীবনের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুতি নেয়ার সময় এখনই, অর্থাত আগামী চার বছর। প্রস্তুতি নিতে যদি তুমি ব্যর্থ হও, তবে ব্যর্থতাকে বরণ করে নিতে তুমি প্রস্তুতি নিচ্ছ। একজন ভালো প্রকৌশলী হবার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। রুয়েটের পাশাপাশি আমাদের দেশের সুনাম ও গৌরব তোমাদের হাতেই নির্ভর করছে। এসময় অভিভাবকের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, আজকে সন্তানদেরকে এ পর্যায়ে নিয়ে আসার পেছনে আপনাদের অবদান সবচেয়ে বেশি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি বলেন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ছাত্রকল্যাণ দফতর কাজ করে চলেছে। ক্যাম্পাসে র্যাগিং ও বুলিংবিরোধী নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে পরিবেশ স্থিতিশীল রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত করা গেছে এবং ছাত্রদের ৮০ ভাগ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম সহ ১৪ টি বিভাগের প্রধানবৃন্দ। 

রুয়েটের তিনটি প্রকৌশল অনুষদের ১৪ টি বিভাগের বিপরীতে মোট ১ হাজার ২৩০ আসন রয়েছে। এর মধ্যে সিএসই, ইইই, সিই ও এমই বিভাগে ১৮০টি, এমটিই, সিএমই, আইপিই, এমএসই, ইউআরপি, ইসিই ও ইটিই বিভাগে ৬০ টি এবং এআরসিএইচ, সিএইচই ও ইসিএম বিভাগে ৩০ টি করে আসন রয়েছে। এবার প্রথম বর্ষে ১ হাজার ২৩৫ জন ভর্তির সুযোগ পেয়েছে।