রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
07 Nov, 2026

রাজশাহীর পুঠিয়ায় ড্রামট্রাকের চাপায় পথচারী নিহত: ক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক : ০৫ মে ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৫ মে ২০২৬ ০২:৫৮ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় ড্রামট্রাকের চাপায় পথচারী নিহত: ক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন
ছবি সংগৃহীত

 ‎​রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাজার এলাকায় দ্রুতগামী ড্রামট্রাকের চাপায় আক্কাস আলী খলিফা (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করে দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের রোষানলের শিকার হন সাংবাদিকরা। মঙ্গলবার সকাল ৭টার দিকে বিড়ালদহ মাজার সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ড্রামট্রাক আক্কাস আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন এবং ঘাতক ড্রামট্রাকটিকে আটকে ফেলেন।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার শত শত মানুষ মহাসড়কে নেমে আসেন এবং দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ করে অবরোধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকসহ দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেন। আগুনের লেলিহান শিখায় ট্রাক দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উত্তেজিত জনতা একপর্যায়ে পুলিশকেও ঘটনাস্থলে আসতে বাধা প্রদান করেন।

এদিকে, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয়দের রোষানলে পড়েন সাংবাদিকরা। এ সময় উত্তেজিত জনতা এক সাংবাদিকের ওপর চড়াও হন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি ভেঙে ফেলেন।

পরবর্তীতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। শুরুতে তারা জনরোষের কারণে বাধার সম্মুখীন হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তৎপরতা চালিয়ে ট্রাকের আগুন নিভিয়ে ফেলেন।

অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।