রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
07 Nov, 2026

নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হলে জ্ঞান, চরিত্র ও কর্ম—এই তিনের সমন্বয় অপরিহার্য: অধ্যাপক মুজিবুর এমপি

নিজেস্ব প্রতিবেদক : ০২ মে ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন রাজশাহী
নিজেস্ব প্রতিবেদক : ০২ মে ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হলে জ্ঞান, চরিত্র ও কর্ম—এই তিনের সমন্বয় অপরিহার্য: অধ্যাপক মুজিবুর এমপি
অধ্যাপক মুজিবুর এমপি

নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হলে জ্ঞান, চরিত্র ও কর্ম—এই তিনের সমন্বয় অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। শনিবার রাজশাহী নগরীর একটি রেস্টুরেণ্টের কনফারেন্স রুমে জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আবুল হাসেম। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন।

অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, একজন রুকন কেবল সংগঠনের সদস্য নন; তিনি আদর্শের জীবন্ত প্রতিচ্ছবি। ব্যক্তিজীবনে তাকওয়া, আমানতদারিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা না হলে সংগঠন শক্তিশালী হয় না। তিনি সদস্যদের আত্মশুদ্ধি, নিয়মিত আত্মসমালোচনা, সময়ের সঠিক ব্যবহার এবং সমাজের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হলে জ্ঞান, চরিত্র ও কর্ম—এই তিনের সমন্বয় অপরিহার্য।অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, সংগঠনের প্রতিটি রুকনকে হতে হবে দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও কর্মমুখর। তিনি সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলা, রিপোর্টিং ও পরিকল্পিত কাজের ওপর গুরুত্বারোপ করেন। দাওয়াহ কার্যক্রমকে গতিশীল করা, মানুষের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি আদর্শ সংগঠন টিকে থাকে সুশৃঙ্খল কাঠামো ও প্রশিক্ষিত কর্মী বাহিনীর ওপর। তিনি সদস্যদের নিয়মিত অধ্যয়ন, প্রশিক্ষণ ও দলীয় সাহিত্য পাঠের মাধ্যমে নিজেদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার আহ্বান জানান। একই সাথে তিনি সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তরিকতা ও দলগত সমন্বয়ের ওপর জোর দেন।


এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, নেতৃত্ব মানে নির্দেশনা দেওয়া নয়; বরং নিজে উদাহরণ সৃষ্টি করা। তিনি রুকনদেরকে পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে আদর্শ আচরণের মাধ্যমে ইতিবাচক প্রভাব বিস্তার করার আহ্বান জানান। তিনি তরুণ প্রজন্মের কাছে নৈতিকতা ও শালীনতার বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


তিনি আরো বলেন, জ্ঞান ও আদর্শের সমন্বয়েই একজন রুকন পরিপূর্ণতা লাভ করেন। তিনি কুরআন-সুন্নাহভিত্তিক জ্ঞানচর্চা, সমসাময়িক বিষয়াবলির ওপর দখল এবং যুক্তিবোধসম্পন্ন উপস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। 


এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হলে যুক্তিনির্ভর, শালীন ও প্রজ্ঞাপূর্ণ দাওয়াহ কার্যক্রম পরিচালনা করতে হবে।


শিক্ষা শিবিরে দলীয় আদর্শ, সাংগঠনিক কাঠামো, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, কর্মপরিকল্পনা, নেতৃত্ব বিকাশ, সময় ব্যবস্থাপনা এবং সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে ধারাবাহিক সেশন অনুষ্ঠিত হয়।