মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
রাজশাহী
21 Apr, 2026

রাজশাহীতে আড়াই লাখ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে

নিজস্ব প্রতিবেদক : ২০ এপ্রিল ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ২০ এপ্রিল ২০২৬ ০৫:১৪ অপরাহ্ন
রাজশাহীতে আড়াই লাখ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে
ছবি সংগৃহীত

 সারাদেশের মতো রাজশাহীতেও হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে নগরীর দড়িখরবোনা এলাকায় নগর স্বাস্থ্যকেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। 

সিটি কর্পোরেশন এলাকায় ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুকে হামের টিকা দেয়া হবে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলবে। 

এছাড়া রাজশাহীর ৯টি উপজেলায় ২ লাখ ১ হাজার ৯৭৬ জন শিশুকে হামের টিকার আওতার আনতে কার্যক্রম শুরু করেছে সিভিল সার্জন অফিস। এরমধ্যে কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৮৮ হাজার ৩৭৯ জন এবং স্কুল পর্যায়ে ১৩ হাজার ৫৯৭ জন শিশুকে টিকাদানের লক্ষ্য ঠিক করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এই ক্যাম্পেইনের মাধ্যমে রাজশাহী মহানগরীর ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার হাম-রুবেলা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে সোমবার থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ২০ এপ্রিল হতে ১০ মে পর্যন্ত ১৪ কর্মদিবসে রাজশাহী মহানগরীতে কমিউনিটি পর্যায়ে ৪৫ হাজার ৬২৩ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৮ হাজার ৫২১ জন শিশুসহ সর্বমোট ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা প্রদান করা হচ্ছে। নগরীর ২৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৮০টি কেন্দ্র ও ২৪০টি কমিউনিটি কেন্দ্র এবং ১৮টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৪৩৮টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২জন টিকাদানকারী ও ৩জন স্বেচ্ছাসেবী ও স্থায়ী কেন্দ্রে ১জন টিকাদানকারী ও ১জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আমরা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে পারবো।

শিশুদের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, আপনাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসুন। একটি টিকা আপনার শিশুর সুস্থ ভবিষ্যতের নিশ্চিয়তা দিতে পারে। শিশুদের মধ্যে কোন হাম-রুবেলা রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থকেন্দ্রে নিয়ে যান ও চিকিৎসকের পরামর্শ নিন।

তিনি আরো বলেন, হাম রোগ প্রতিরোধে প্রায় ৭০ হাজার জনসচেতনামূলক লিফলেট প্রস্তুত করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন নাগরিকদের প্রয়োজনে সব সময় পাশে আছে।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, রাসিকের ৭ ও ৯নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও আরএমপি‘র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগের পরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।