রাজশাহী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে পান্তা-ইলিশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর অলোকার মোড়ে আরইউজে কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ডালিম হোসেন সান্ত। এসময় অন্যদের মধ্যে আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ হাবিল উদ্দিন হাবিব এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য লালন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং সবাই একে অপরকে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।