জাতিসংঘের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিচ্ছেন সাংবাদিক রাজু লামা
জাতিসংঘের কমিটি অব এক্সপার্টস অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (সিইপিএ)-এর ২৫তম অধিবেশনে অংশ নিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক সভাপতি রাজু লামা। আন্তর্জাতিক গণমাধ্যম নেতৃত্ব এবং বৈশ্বিক নীতিনির্ধারণে দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বের এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বৈশ্বিক এ অধিবেশনে অংশ নিচ্ছেন তিনি।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আগামী ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সম্মেলনের। এ অধিবেশনকে বৈশ্বিক প্রশাসন, সুশাসন উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) বাস্তবায়ন নিয়ে জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়।
প্রতিবছর অনুষ্ঠিত এ ফোরামে বিশ্বের বিশিষ্ট বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ নীতিনির্ধারক এবং প্রাতিষ্ঠানিক নেতারা অংশ নিয়ে আন্তর্জাতিক নীতিমালা ও প্রশাসনিক মানদণ্ড নির্ধারণে ভূমিকা রাখেন।
রাজু লামার অংশগ্রহণকে স্বাধীন সাংবাদিকতা, সীমান্ত-পেরোনো গণমাধ্যম সহযোগিতা এবং গণতান্ত্রিক সুশাসন জোরদারে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি জাতিসংঘ আয়োজিত গুরুত্বপূর্ণ বৈশ্বিক নীতিনির্ধারণী আলোচনায় দক্ষিণ এশিয়ার সাংবাদিক সমাজের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এক প্রতিক্রিয়ায় রাজু লামা বলেন, ‘এই প্ল্যাটফর্ম সাংবাদিকতা ও বৈশ্বিক নীতিনির্ধারণের মধ্যে সেতুবন্ধন তৈরির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জবাবদিহি, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে স্বাধীন গণমাধ্যমকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
জানা গেছে, ২৫তম সিইপিএ অধিবেশনে কার্যকর সুশাসন ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা এবং উদ্ভাবনী জনপ্রশাসন কাঠামো নিয়ে আলোচনা হবে; যাতে ২০৩০ সালের টেকসই উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করা যায় দেশগুলোকে।
এ অংশগ্রহণ সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক প্রোফাইল আরো শক্তিশালী করবে এবং বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংগঠনটির সম্পৃক্ততা নতুন মাত্রা পাবে বলে বিশ্লেষকরা মনে করছেন।