রাজশাহীসহ ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
রাজশাহী সহ দেশের আরো পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সেগুলো হলো রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা। নতুন নিয়োগ পাওয়া পাঁচজন প্রশাসকও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ নিয়ে দেশের ১১ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে বিএনপি নেতা শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে প্রশাসক নিয়োগের এই তথ্য জানা গেছে।
এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজুর রহমান, বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, ময়মনসিংহ সিটিতে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটিতে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটিতে মো. ইউসুফ মোল্লা।প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
এতে আরো জানানো হয়, নিয়োগ পাওয়া প্রশাসকগণ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
এর আগে ২৩ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। প্রশাসকদের সবাই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আর দ্বিতীয় দফায় পাঁচ সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকগণও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। বরিশাল সিটির করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। ময়মনসিংহের রুকুনোজ্জামান রোকন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব। রংপুরের মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগরীর সদস্য সচিব। আর ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদকে দায়িত্বে রয়েছেন।
এদিকে সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।