রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
রাজশাহী
31 Oct, 2026

এবার রাজশাহী বোর্ডে এসএসসিতে ৭ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

WP Import ১০ জুলাই ২০২৫ ১০:২২ অপরাহ্ন রাজশাহী
WP Import ১০ জুলাই ২০২৫ ১০:২২ অপরাহ্ন
এবার রাজশাহী বোর্ডে এসএসসিতে ৭ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন
এবার রাজশাহী বোর্ডে এসএসসিতে ৭ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক : এবার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। সাত বছরের মধ্যে বোর্ডের এই ফল সর্বনিম্ন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত সাত বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের তুলনামূলক পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে।

প্রকাশিত প্রতিবেদন মোতাবেক, রাজশাহী বোর্ডে গত বছর এসএসসি’তে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। তবে এবার তা কমে ৭৭ দশমিক ৬৩ শতাংশে নেমেছে। এর আগে ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং ২০১৯ সালে ৯১ দশমিক ৬৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল।

রাজশাহী বোর্ডে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন পাস করেছে। পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা সাত বছরের মধ্যে এবার সর্বনিম্ন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও এবার সাত বছরের মধ্যে সবচেয়ে কম। এবার জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৩৬৫ জন ও ছাত্রী ১১ হাজার ৯৬২ জন। এবার ৭৩ দশমিক ৬৪ শতাংশ ছাত্র এবং ৮২ দশমিক ০১ শতাংশ ছাত্রী পাস করেছে।

এবার রাজশাহী বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি স্কুলের পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯টি স্কুলের সবাই পাস করেছে। কেউ পাস করেনি এমন স্কুল এবার নেই। পরীক্ষা চলাকালে এবার সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। পরীক্ষা নেওয়া হয়েছিল ২৬৯ টি কেন্দ্রে।

সাত বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন হওয়ার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, প্রতিবছরই ফলাফল বিভিন্ন রকম হয়ে থাকে। এটা হতেই পারে। কোন ব্যাচ একটু ভালো, আবার কোনটা একটু খারাপ—এটা নিয়ে আমরা চিন্তা করছি না। তবে সবাই মিলে আলোচনা করে দেখতে হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম গণমাধ্যমকে জানান, এমন হতে পারে যে এরা একটু কম মেধাসম্পন্ন। তাছাড়া সারা দেশেই এবার পাসের হার কম। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা এখনই বলা সম্ভব নয়।