সহজ উপায়ে বিফ সিজলিং রাঁধবেন যেভাবে
অনলাইন ডেস্ক : শিশুরা প্রায়ই চাইনিজ খাবার খাওয়ার আবদার করে। রেস্টুরেন্টে না গিয়ে বাসাতেই কিন্তু বানিয়ে ফেলা যায় চাইনিজ আইটেম। চাইনিজ রাইসের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার বিফ সিজলিং। আইটেমটির সহজ রেসিপি জেনে নিন। ২৫০ গ্রাম গরুর মাংস লম্বা করে কেটে নিন। ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ১ চা চামচ ভিনেগার ও একটি ডিম দিয়ে মেখে নিন মাংসের টুকরাগুলো। ৩০ মিনিটের জন্য ঢেকে রাখুন।
এরপর এর সঙ্গে ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে নিন। মাংসের টুকরোগুলো একটি একটি করে উঠিয়ে ডুবো তেলে ভেজে নিন। ১০ থেকে ১২ মিনিটের মতো সময় নিয়ে ভাজবেন। তেল থেকে উঠিয়ে রেখে দিন। প্যানে সামান্য তেল গরম করে ১ চা চামচ রসুন কুচি ভেজে নিন। বাদামি রঙ হয়ে আসলে ১/৪ কাপ করে ক্যাপসিকাম, গাজর ও বড় টুকরা করা পেঁয়াজ দিন।
গাজর ও ক্যাপসিকাম লম্বাটে করে কেটে নেবেন। কয়েকটি কাঁচা মরিচ ফেড়ে দিয়ে দিন। স্বাদ মতো লবণ ও সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। ২ মিনিট পর ভেজে রাখা মাংসের টুকরো দিয়ে দিন। একটি বাটিতে ১ টেবিল চামচ সয়া সস, ২ টেবিল চামচ সুইট চিলি সস, ২ টেবিল চামচ টমেটো কেচাপ ও ১ টেবিল চামচ ওয়েস্টার সস মিশিয়ে নিন।
সসের মিশ্রণ দিয়ে দিন মাংসের প্যানে। নেড়ে নিন ভালো করে। আধা কাপ পানির সঙ্গে ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ধীরে ধীরে ঢেলে দিন প্যানে। ২ মিনিট নাড়ুন। একটি প্যান গরম করে ৩ টেবিল চামচ মাখন দিয়ে দিন। চুলার জ্বাল বন্ধ করে নেবেন। মাখন গলে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ঢেলে দিন বিফ সিজলিং। ভালো করে নেড়ে তারপর পরিবেশন করুন।