শিক্ষাব্যাবস্থাকে সংস্কার না করা হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : সলিমুল্লাহ খান
রাবি প্রতিবেদক : ‘শিক্ষাব্যাবস্থাকে সংস্কার না করা হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান। শুক্রবার (১৮ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিনির্মাণ: কোন পথে’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ব্রিটিশ শাসনের পর ৭৫ বছর পার হয়ে গেলেও আমাদের দেশের শিক্ষার হার ৮০ শতাংশের বেশি হলো না। এর দায় আমাদেরই নিতে হবে৷ দেশের জিডিপির ২ ভাগও শিক্ষাখাতের পিছনে খরচ করা হয় না। কিন্তু অন্যান্য খাতে ঠিকই কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে৷ শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো জরুরী।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন না হলে উচ্চশিক্ষার মানোন্নয়ন হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ড. খান আরো বলেন, শিক্ষাকে আনন্দদায়ক করে তুলতে হবে। কিন্তু আমাদের দেশে তা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের দেশে যোগ্য শিক্ষক নেই। বর্তমান শিক্ষাব্যাবস্থা সত্যবিরোধী, যা শিক্ষার্থীদের চিন্তা করতে শিখাচ্ছে না।
বর্তমান যে মুনাফাভিত্তিক শিক্ষা গড়ে উঠেছে, এটা দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সংসদকে দ্বি-কক্ষ বিশিষ্ট করার জন্য আমাদের ছেলেরা জীবন দেয় নাই৷ দেশের সার্বিক পরিস্থিতি সংস্কারের জন্য এই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানের যে পথ আমরা ইতিমধ্যে হারিয়েছি এর প্রধান কারণ সুশিক্ষার অভাব। আমরা কি জানি, কি বুঝি এসব জানার জন্য শিক্ষা অপরিহার্য।
আমরা ইতিহাস এবং সমাজকে বিশ্লেষণ করতে পারি না। গত ১৫ বছর যেমন স্বৈরাশাসনের অধিনে ছিলাম এটা যেমন সত্য, ঠিক একইভাবে গত ৫৩ বছরে সুশাসন নিশ্চিত করতে পারিনি এটাও সত্য। সুষ্ঠ রাজনীতি করতে হলে আমাদের গোষ্ঠীগত চিন্তা থেকে বের হতে হবে।