রাজশাহীতে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে পবা উপজেলার বামুনশিকড় এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মতিহার থানা ওসি আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম কৃষি কাজ করেন। তাদের ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করতেন। পরিবারের চারজন সদস্যই মারা গেছেন। এরমধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, মনিরুল ইসলাম কৃষি কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের চাপ সহ্য করতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন।
এদিকে আত্মহত্যাকারী ব্যক্তি মিনারুলের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
এতে মিনারুল লিখেছেন, “আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলে-মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋনের দায়ে আর খাওয়ার অভাবে।
তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো। কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।”