রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়ন নিয়ে যা বললেন বাফুফে সভাপতি
রাবি প্রতিবেদক : ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৪টায় শাখা ছাত্রদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে ডেমোক্রেটিক ফর অল উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, ‘আমরা গর্বের সঙ্গে স্মরণ করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম বড় একটা স্টেডিয়াম হয়। জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে শিক্ষার পাশাপাশি শরীরচর্চা করতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি করে স্টেডিয়াম হবে প্রতিটি স্কুলের সামনে মাঠ হবে।
বর্তমানে এই স্টেডিয়ামটি আমরা বাফুফের পক্ষ থেকে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছি। স্টেডিয়ামের সামনে মিনি স্টেডিয়াম করার দাবিটি আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে পেয়েছি।’
শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। এছাড়া খেলা দেখতে শাখা ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।