রাকসু নির্বাচন কমিশনের মতবিনিময় সভা থেকে বেরিয়ে গেল ছাত্রদল ও বাম সংগঠন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদকে ঘিরে রোববার দিনব্যাপী ক্যাম্পাসে ছিল অস্থিতিশীল পরিবেশ। প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে দিনব্যাপী বিক্ষোভ করেন রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
এসময় নির্বাচন কমিশনে তালা দিয়ে প্রধান ফটক অবরোধ করে আন্দোলন করেন তারা। পরে সাধারণ শিক্ষার্থীদের সাথে ধস্তাধস্তিও হয় ছাত্রদল নেতাকর্মীদের।
এমন পরিস্থিতিতে এদিন বিকেলে এক জরুরি মতবিনিময় সভা আয়োজন করে রাকসু নির্বাচন কমিশন। সভায় বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। তবে কিছুক্ষণ পরে ছাত্রমিশন সভাপতি জিএ সাব্বির মতবিনিময় সভায় কথা বলার সময় হামলাকারী বলে পেছন থেকে চিৎকার দিতে থাকেন বাম নেতৃবৃন্দ। পরে ব্যাপক হট্রগোল শুরু হলে ছাত্রদল ও বাম নেতাকর্মীরা সিনেট ভবন ছেড়ে বেড়িয়ে যান।
পরে বাইরে দাঁড়িয়ে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, আমরা রাকসু নির্বাচন কমিশন আয়োজিত এ মতবিনিময় সভা বয়কট করেছি। আমরা প্রশাসনের ডাকে এখানে এসেছিলাম, কিন্তু এসে দেখি রাকসু নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভায় কথা বলার সুষ্ঠু পরিবেশ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশনের নির্দেশেই আজকে ছাত্রদলের উপর হামলা করেছে। তাই আমরা পাকিস্তানি প্রশাসনের উপাচার্য সালেহ্ হাসান নকীবের মতবিনিময় সভায় থাকবো না।
তিনি আরো বলেন, শুধু আমরা একা মতবিনিময় সভা বর্জন করিনি। আমাদের সাথে আমাদের বন্ধুসূলভ সংগঠন ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও এ কমিশনের মতবিনিময় সভা বয়কট করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এমন সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য।
এ বিষয়ে রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আখন্দ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদেরকে আজকের মতবিনিময় সভায় আহ্বান করেছি। এখন কেউ যদি আমাদের মতবিনিময় সভা বয়কট করে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।