সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মুজিবুর
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা এখন সময়ের দাবি। শিক্ষার মান সুনিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোন বিকল্প নেই। প্রয়োজনে জাতীয়করণের পূর্ব মুহূর্ত পর্যন্ত পর্যায়ক্রমে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ডিগ্রী কলেজের শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষা সকলের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারকে নিশ্চিত করার জন্য শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষায়তনের দিকে সরকারের বিশেষ নজর দিতে হবে।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমি আমার কর্মজীবন শিক্ষকতা দিয়ে শুরু করেছিলাম এই কলেজে। তাই এই কলেজের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে । তিনি প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারলে শিক্ষকদের উন্নয়নে অনেক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজা, উপজেলা আমির নুমায়ুন আলী, মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক আনোয়ারুল করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এরআগে অধ্যাপক মুজিবুর রহমান কলেজে পৌঁছলে কলেজের অধ্যক্ষ মোঃ জামিউল আরিফ সহ শিক্ষকবৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।