রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পুঠিয়ায় দুই যুবক ও দুর্গাপুরে ভ্যানগাড়ি ও ট্রাকের সংঘর্ষে এক ভ্যান চালক নিহত হন।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের আবু ছাইদের ছেলে শাহীন (২৩), আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও চারঘাট উপজেলার ভ্যানচালক সুজন (৪২)।
সূত্র জানায়, দুর্গাপুর উপজেলার নিহত দুই যুবক সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া গোডাউন মোড়ে পৌঁছালে ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সড়কে আছড়ে পড়েন তারা। মুহূর্তের মধ্যে বিপরীত দিক থেকে ছুটে আসা পণ্যবাহী ট্রাকে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী।
এসময় স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে শাহীন মারা যান। আর তার সহযোগী দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মারা যান। দুই যুবকের মর্মান্তিক মৃত্যুতে নিহতদের এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে।
পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সড়কদুর্ঘটনা আইনে একটি মামলা হয়েছে। আর গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে।
এদিকে মঙ্গলবার (৯ অক্টবর) বেলা ১টার দিকে দুর্গাপুর-শিবপুর প্রধান সড়ক সিংগা ব্রিজ সংলগ্ন কয়লা বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক সুজন নিহত হন।
নিহত সুজনের বাড়ি জেলার চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে। স্থানীয়রা জানান, ভ্যানচালক সুজন দুর্গাপুরে মালবহন শেষে খালি গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কয়লা বোঝাই ট্রাক তার গাড়িকে ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ঢাকা মেট্রো-ট ১৪-৮৬০৫ ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।