এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া সুবিচার কখনোই নিশ্চিত হবে না : অধ্যাপক মুজিবুর
নিজস্ব প্রতিবেদক : এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া সুবিচার কখনোই নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। বুধবার (৮ অক্টোবর) দুপুরের দিকে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, মানুষ নিজের স্বার্থ দেখে, কিন্তু ইসলামিক বিধান দেশের প্রতিটি নাগরিকের ভালো থাকার নিশ্চয়তা দেয়।”
তিনি আরো বলেন, “দুনিয়ার কল্যাণের সাথে আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াতে ইসলামী। এদেশের মানুষের সত্যিকার কল্যাণে ও মুক্তির জন্য ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে অবশ্যই জামায়াতে ইসলামীকে বেছে নিতে হবে।
তিনি বলেন, ইসলামকে রাষ্ট্র থেকে বাদ দেওয়ায় দেশের নানা সেক্টরে অশান্তি সৃষ্টি হয়েছে। তাই এদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া সুবিচার কখনোই নিশ্চিত হবে না।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আগামী নির্বাচনে জাতীয় সংসদে কুরআনের আইনকে যারা বিজয়ী করতে চায় তাদেরকে পাঠাতে হবে। জনগণ যদি তা করতে ব্যর্থ হয় তাহলে আবারো দেশ পশ্চাতে অগ্রসর হবে।
তিনি বলেন, দেশের মানুষকে কুরআনের আইনের পথে ডাকার জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। আর আমাদের পাড়ায় পাড়ায় যে সকল কমিটির ভাইয়েরা রয়েছেন তাদের দায়িত্ব অত্যন্ত অপরিহার্য। তিনি নিষ্ঠার সাথে দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
মুণ্ডমালা পৌর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা নায়েবে আমির মোঃ মইনুল হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ডক্টর মোঃ ওবায়দুল্লাহ্, উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমির মাওলানা আনিসুর রহমান, তানোর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুর রহিম ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল কাদের প্রমুখ।