বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজনীতি
03 Sep, 2026

৫ দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের সর্বাত্মক প্রস্তুতি

WP Import ২৭ নভেম্বর ২০২৫ ০৫:২৯ অপরাহ্ন রাজনীতি
WP Import ২৭ নভেম্বর ২০২৫ ০৫:২৯ অপরাহ্ন
৫ দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের সর্বাত্মক প্রস্তুতি
৫ দফা দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের সর্বাত্মক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ ঘিরে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় নগরীর একটি রেস্টুরেণ্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এতে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর সভাপতি হুসাইন আহমদ, জেলা সভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকি, জেলা সেক্রেটারি আব্দুল্লাহ সুজন, জামায়াতে ইসলামীর নাটোর জেলা আমির ড. মীর নুরুল ইসলাম, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিভাগীয় সমন্বয়ক বাতিনুর রহমান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সভাপতি সাইফুল হকসহ বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, আমাদের দলের রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের নেতা-কর্মীরা অংশ নেবেন। অন্য সাত দলের রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। পাঁচ দফা দাবিতে আমাদের আন্দোলন চলছে। ঢাকায় সমাবেশ হয়েছে। ৩০ নভেম্বর রাজশাহীতেও হবে। দুপুর ২টায় শুরু হয়ে এ সমাবেশ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তিনি বলেন, পিআর ও জুলাই সনদ অত্যাবশ্যকীয় বিষয়। কিন্তু সরকার এটা বাস্তবায়নে ও গণভোট আয়োজনে গড়িমসি করছে। সরকার শুধু উচ্চকক্ষের পিআর চাইছে। আমরা উভয় ক্ষেত্রে বলেছি।

অভিযোগ করে জামায়াত নেতা ইমাজ উদ্দিন মণ্ডল বলেন, সরকারের প্রশাসন, বিশেষ একটি দলের দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়ে কাজ করছে। এ অবস্থা চলতে থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে। জুলাই গণ-অভ্যুত্থানে আশা-আকাঙ্ক্ষা নতুনভাবে সজ্জিত হয়েছে।

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সময়ের দাবি। জুলাইয়ে আহত ও পঙ্গুদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। আওয়ামী লীগের বিচার ও তার দোসর ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলেও দাবি জানান ইমাজ উদ্দিন।