রাজশাহীতে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সবুজ কুমার অধিকারী (২৮)। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর নিউমার্কেট এলাকার ওয়ে হোম নামে আবাসিক হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল তার লাশ।
সবুজের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামে। তার বাবার নাম বিমল চন্দ্র অধিকারী। সবুজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে বগুড়ায় কর্মরত ছিলেন। শুক্রবার তিনি রাজশাহীর এই আবাসিক হোটেলের একটি কক্ষে ওঠেন। শনিবারই তার হোটেল ত্যাগ করার কথা ছিল।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময়ে সবুজ হোটেল ত্যাগ না করলে কর্মীরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জানালা দিয়ে তারা সবুজের ঝুলন্ত লাশ দেখে পুলিশে জানান।
ওসি বলেন, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা ভাঙেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। নিশ্চিত হওয়ার জন্য তার লাশ ময়নাতদন্ত করতে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। পরিবারের সদস্যরা আসার পর লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।