এনসিপি নেতাকর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে আরইউজের তীব্র নিন্দা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ওপর চড়াও হয়ে এনসিপির উচ্ছৃঙ্খল কয়েকজন নেতা-কর্মীর ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সংবাদ সম্মেলনের আমন্ত্রণ পেয়ে গত সোমবার সাংবাদিকরা রাজশাহী পর্যটন মোটেলে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন। সেখানে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে একটি পক্ষের কয়েকজন উচ্ছৃঙ্খল নেতাকর্মী হঠাৎ করে সাংবাদিকদের ঘটনাস্থল থেকে বের হয়ে যেতে বলেন।
সাংবাদিকরা পেশাগত কাজে থাকায় তারা বের না হলে তাদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন ও আটকে রাখার হুমকি দেন এনসিপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। এ ঘটনার সাথে জড়িত নেতা-কর্মীরা কখনোই কোনো রাজনৈতিক দলের জন্য শুভকর নয়। এ ঘটনায় জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় আরইউজের পক্ষ থেকে।
বিবৃতিতে আরো বলা হয়, এ ধরনের ফ্যাসিবাদী আচরণ জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। একই সাথে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা ও স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়।
উল্লেখ্য, সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির রাজশাহী জেলা শাখার সদ্য ঘোষিত কমিটির আহবায়ক সাইফুল ইসলামের ডাকে সংবাদ সম্মেলন চলছিল। এতে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
হঠাৎ কয়েকজন নেতাকর্মী সম্মেলন স্থলে ঢুকে অসৌজন্যমূলক আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করে সবাইকে মিলনায়তন থেকে বেরিয়ে যাবার নির্দেশ দেন। অন্যথায় সাংবাদিকদের আটকে রাখার হুমকি দেন তারা।