রাজশাহীতে ৩৫ ফুট গভীর নলকূপে পড়ে গেছে দুই বছরের শিশু, জীবিত উদ্ধারে চেষ্টা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে অসাবধানতাবশত পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে আটকা পড়েছে দুই বছরের শিশু। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে । বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে জীবিত উদ্ধারে চেষ্টা অব্যাহত ছিল। শিশুটির নাম মো. স্বাধীন। তার বাবার নাম রাকিব। সে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামের বাসিন্দা। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বুধবার দুপুরে বাড়ির পাশে থাকা পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু স্বাধীন। পরিত্যক্ত সেই গভীর নলকূপের মালিক তাহের। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয়দের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নলকূপটি অকেজো অবস্থায় পড়ে ছিল।
ওসি আরো জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটিকে জীবিত উদ্ধারে কাজ করছেন । ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা করছেন, শিশুটি এখনো জীবিত রয়েছে। উদ্ধার তৎপরতা আরো জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত উদ্ধারকারী দল তানোরে যোগ দিচ্ছে।
পরিত্যক্ত নলকূপটির ব্যাস পাঁচ ফুট। এটি প্রায় ৩৫ ফুট গভীর। শিশুটি কিছুক্ষণ আগেও সাড়া দিয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এখন তাকে সেখানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
ওসি বলেন, শিশুটিকে মাটি খুঁড়ে বের করতে হবে। এটি খুব কঠিন কাজ। তারপরও তাকে উদ্ধার করে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আমরা সবাই সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ফায়ার সার্ভিসের রাজশাহীর সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এখন পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। তাকে অক্ষত উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান জানান, ‘বাচ্চাটির গর্তে পড়ে যাওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। সবাই দোয়া করুন, বাচ্চাটি যেন দ্রুত উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরতে পারে।’