নানা আয়োজন রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ৬টা ৪২ মিনিটে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। জেলা পুলিশ লাইন্সে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়।
সূর্যোদয়ের পরপরই জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে বিজয়মেলা অনুষ্ঠিত হয়। দুপুরে জেলার বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়া জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ দলটির অন্য নেতৃবৃন্দ।
রাজশাহী জামায়াতের যুব সমাবেশ : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর যুব বিভাগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর গনকপাড়া মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী- সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি, অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার প্রমুখ।সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। সমাবেশ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নে আদর্শবান ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।