রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, জনজীবন বিপর্যস্ত
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী অঞ্চলে জেঁকে বসেছে তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে রাজশাহীতে এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। এটি দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় মৌসুমের এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সূর্যোদয় ভোর ৬টা ৪৫ মিনিটে হলেও ঘন কুয়াশার কারণে সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ফলে সকাল থেকেই হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
আবহাওয়া অফিস বলছে, রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় শীতের তীব্রতা বেড়ে গেছে। এরআগে বুধবার (২৪ ডিসেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার ব্যবধান ছিল মাত্র ৯ দশমিক ৭ ডিগ্রি। এই ব্যবধান যত কমছে, শীতের অনুভূতি তত বাড়ছে।
এই শীত ও কুয়াশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। জীবিকার তাগিদে ভোরেই কুয়াশা মাথায় নিয়ে কাজে বের হতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক ও কৃষি শ্রমিকদের। শীতের তীব্রতা প্রকট হওয়ায় ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী তারেক আজিজ জানিয়েছেন, বর্তমানে বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাজশাহীতে বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এটি দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রার দিক থেকে রাজশাহীর কাছাকাছি রয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা, যেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।