রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
আইন ও আদালত
07 Nov, 2026

মানবতাবিরোধী অপরাধে ২১ জানুয়ারি জয়-পলকের অভিযোগ গঠনের আদেশ

WP Import ১৫ জানুয়ারি ২০২৬ ০১:২৯ অপরাহ্ন আইন ও আদালত
WP Import ১৫ জানুয়ারি ২০২৬ ০১:২৯ অপরাহ্ন
মানবতাবিরোধী অপরাধে ২১ জানুয়ারি জয়-পলকের অভিযোগ গঠনের আদেশ
মানবতাবিরোধী অপরাধে ২১ জানুয়ারি জয়-পলকের অভিযোগ গঠনের আদেশ

অনলাইন ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালে আজ আসামিপক্ষে শুনানি করেন আইনজীবীরা। এর মধ্যে পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ ও জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

শুনানিতে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এসব অভিযোগের সঙ্গে জয়-পলকের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়। এজন্য এ মামলায় চার্জ গঠন না করাসহ তাদের অব্যাহতির আবেদন করেন এই দুই আইনজীবী। তবে প্রসিকিউশনের পক্ষে জয় ও পলকের অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। পরে এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এর আগে, ১১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই দিন তিনটি চার্জ পড়ে শোনানোর পাশাপাশি দুই আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে আসামিপক্ষকে শুনতে আজকের দিন ঠিক করা হয়।

এ মামলায় তিনটি অভিযোগ হলো- জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানি দেন পলক। এর পরিপ্রেক্ষিতে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী। এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেন তারা। একইসঙ্গে হত্যায় সহায়তা করেন। ফলে পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনীর হামলায় শহীদ হন রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন। তিন নম্বর অভিযোগটি উত্তরায় ৩৪ হত্যায় সহায়তা করেন তারা।

এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ ডিসেম্বর জয়কে আত্মসমর্পণে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। গ্রেপ্তার থাকায় পলককে একই দিন হাজির করা হয়। ৪ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নেন আদালত।