রবিবার, নভেম্বর ০৮, ২০২৬
আন্তর্জাতিক
07 Nov, 2026

ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

WP Import ২২ জানুয়ারি ২০২৬ ১২:১৭ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ২২ জানুয়ারি ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান
ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান। বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান গাজা বোর্ড অব পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসলামাবাদ আশা করছে, এই বোর্ড গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য যথাযথ পদক্ষেপ নেবে।”

সুইজারল্যান্ডের দাভোস শহরে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনৈতিক সম্মেলন ‘দাভোস সম্মেলন’। সরকারপ্রধান হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেই সম্মেলনে যোগ দিয়েছেন। গতকাল দেশটির সেনা ও প্রতিরক্ষা বিভাগের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও রওনা হয়েছেন দাভোসের উদ্দেশে।

পাকিস্তানের তিনজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মূলত ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্যই দাভোসের উদ্দেশে উড়াল দিয়েছেন ফিল্ড মার্শাল মুনির। গতকাল তিনি রওনা দেওয়ার কয়েক ঘণ্টা পর গাজা বোর্ড অব পিসে পাকিস্তানের যোগদান করছে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বিভাগের প্রধানের দাভোস সফরের ব্যাপারে আরও বিস্তারিত জানতে দেশটির সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর (আইএসপিআর)-এর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স; কিন্তু আইএসপিআরের তরফ থেকে এ ইস্যুতে কোনো সাড়া পাওয়া যায়নি।

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ স্থায়ীভাবে থামাতে গত ২৯ সেপ্টেম্বর ২০টি পয়েন্ট সম্বলিত একটি শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হামাস এবং ইসরায়েল উভয়ে সম্মতি জানানোর পর ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হয় সেই শান্তি পরিকল্পনা।

প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছিল, যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসন পরিচালনার জন্য একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার গঠিত হবে এবং এই সরকার পরিচালিত হবে ‘গাজা বোর্ড অব পিস’— এর নির্দেশনা অনুসারে। পরিকল্পনায় আরও বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ গাজা বোর্ড অব পিসের সদস্যপদ পাবে এবং টেকনোক্র্যাট সরকারকে নির্দেশনা প্রদানের পাশাপাশি গাজার পুনর্গঠনের জন্য তহবিলের জোগাড় ও সেই তহবিলের ব্যয়ের ব্যাপারটিও দেখভাল করবে গাজা বোর্ড অব পিস।

গত ১৭ জানুয়ারি গাজায় বোর্ড অব পিসে পাকিস্তানকে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই এই পরিষদে অন্তর্ভুক্ত হচ্ছে দেশটি।

সূত্র : রয়টার্স