বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
রাজনীতি
25 Aug, 2026

রাজশাহীতে হ্যাঁ ভোটের প্রচার গাড়ির উদ্বোধন করলেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. জাহাঙ্গীর

WP Import ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪ অপরাহ্ন রাজনীতি
WP Import ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
রাজশাহীতে হ্যাঁ ভোটের প্রচার গাড়ির উদ্বোধন করলেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. জাহাঙ্গীর
রাজশাহীতে হ্যাঁ ভোটের প্রচার গাড়ির উদ্বোধন করলেন দাঁড়িপাল্লার প্রার্থী ডা. জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিশেষ প্রচার গাড়ির উদ্বোধন করলেন রাজশাহী-২ (সদর) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। রোববার (১ ফেব্রুয়ারি) নগরীর বাটার মোড়ে দুপুর সাড়ে বারোটায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশেষ প্রচার গাড়ির উদ্বোধন করা হয়।

এর মধ্যে দিয়ে রাজশাহীতে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করবে এই প্রচারণা গাড়ি।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ডা. জাহাঙ্গীর বলেন, ‘হ্যাঁ’ ভোট হচ্ছে বাংলাদেশকে আধিপত্যবাদ ও স্বৈরাচার মুক্ত করার সংগ্রাম। আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত থাকবে না এবং জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হবে।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে একক ক্ষমতার কারণে দেশে হত্যা, গুম ও নির্যাতন চলেছে নির্বিঘ্নে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তুলতে হবে।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর ক্ষমতার ভারসাম্যের ওপর জোর দিয়ে ডা. জাহাঙ্গীর বলেন, আমরা এমন একটি ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে সাংবিধানিক ভারসাম্য থাকবে। বর্তমানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত; বিচার বিভাগ ও রাষ্ট্রপতির সম্মান ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা জরুরি।

আইন ও বিচারিক প্রক্রিয়ায় মানবিকতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিদের ক্ষমা প্রদানের সিদ্ধান্ত যেন কেবল রাজনৈতিক বিবেচনায় না হয়। এ ক্ষেত্রে ভুক্তভোগী পরিবারের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কারণ প্রকৃত বিচার ও ন্যায়বিচারের অধিকার মূলত তাদেরই।

বিশ্বের উন্নত দেশগুলোর আদলে রাজশাহীতে ‘ভোটের গাড়ি’ সংযোজনকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এই ভ্রাম্যমাণ প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষ ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব সম্পর্কে আরো সচেতন হবে। তিনি নেতাকর্মীদের পাড়া-মহল্লায় এই প্রচারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জুলাই শহীদ সাকিব আনজুমের পিতাসহ স্থানীয় নেতাকর্মীরা।