রাজশাহীতে নতুন কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন: ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করে। দিবসের প্রথম প্রহরে নগরীর সোনাদিঘি এলাকায় এক একর জমির ওপর নবনির্মিত রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এর আগে শহীদ মিনার চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন মন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রহমান ও জেলা প্রশাসক আফিয়া আখতার। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
বেলা এগারোটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘একুশ: জাতীয় জাগরণের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদ জোহর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।
এদিন রাজশাহী নমগরীর সড়কদ্বীপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ বাংলা বর্ণমালা সংবলিত ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়।