শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
বিনোদন
17 Apr, 2026

ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন

অনলাইন ডেস্ক : ১৭ এপ্রিল ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ১৭ এপ্রিল ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন
ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন
ছবি-সংগৃহীত

দেশের পর এবার বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স’। আগামী শনিবার (১৮ এপ্রিল) ও সোমবার (২০ এপ্রিল) ইতালির ভেনিস ও রোম শহরের দুটি সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। 

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক মাধ্যমে জানিয়েছে, ইতালিতে শুরু হচ্ছে ‘প্রিন্স’ এর আপডেট ভার্সন। 

প্রযোজনা সংস্থাটি আরও জানিয়েছে, কারিগরি ত্রুটিমুক্ত করতে সিনেমাটির ডিজিটাল ফাইল নতুন করে সংস্করণ করা হয়েছে। দেশে মুক্তির সময় সাউন্ড, কালার ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যে অভিযোগ ছিল, উন্নত সংস্করণে সেসব জটিলতা কাটিয়ে আরও নিখুঁতভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই অ্যাকশন ঘরানার সিনেমাটি নব্বই দশকের ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে নির্মিত। সিনেমার প্রধান চরিত্রে শাকিব খানকে একজন প্রতাপশালী গ্যাংস্টার হিসেবে দেখা গেছে। 

শাকিবের সঙ্গে এই সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এবং ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন রাশেদ মামুন অপু ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক তারকা। ইতালিতে এই প্রদর্শনী শুরুর মাধ্যমে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সবকটি সিনেমাই আন্তর্জাতিক বাজারে যাত্রা শুরু করল।