রামেক হাসপাতালে নির্মাণাধীন ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে শিশুর মৃত্যু
বাবা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। ছয় বছরের বড় বোনের জন্মগতভাবে একটি কিডনি নেই, সেও চিকিৎসাধীন। স্বামী ও মেয়ের চিকিৎসা করাতে গিয়ে পরিবারের জমানো টাকাও প্রায় শেষ। এমন পরিস্থিতিতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মা সেলিনা বেগম। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে গেলে ওয়ার্ডের খোলা গেট দিয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায় দুই বছরের ছোট সন্তান আবু হুরাইরা। নির্মাণকাজ চলা ওই বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত আবু হুরাইরার বাবা হৃদয় আলী। তাঁদের বাড়ি কুষ্টিয়া সদর এলাকার কুশলিবাসা গ্রামে। হৃদয় আলী ডেঙ্গু আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁর ছয় বছর বয়সী মেয়ে উম্মে খাদিজা জন্মগতভাবে একটি কিডনি না থাকাসহ পেটের সমস্যায় ভুগছে। সে ভর্তি রয়েছে হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে। বাবা ও মেয়ের দুজনের শরীরেই স্যালাইনের ক্যানুলা লাগানো।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী ও মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে যায়। এ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সেলিনা বেগম। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে যান। তখন ছোট সন্তান আবু হুরাইরা ওয়ার্ডে ছিল। একপর্যায়ে ওয়ার্ডের গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায় শিশুটি। সেখানে পিলারের প্লাস্টারের কাজ করছিলেন নির্মাণশ্রমিকেরা। নির্মাণকাজ চললেও বারান্দায় কোনো নিরাপত্তা গ্রিল ছিল না বলে জানা গেছে।
দুর্ঘটনার পর শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বেলা আড়াইটার দিকে ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি টেবিলের ওপর শিশুটির নিথর দেহ পড়ে আছে। তখনো তার শরীরে স্যালাইন লাগানো ছিল। নাক দিয়ে রক্ত ঝরছিল। শিশুটিকে একনজর দেখতে সেখানে ভিড় করেন রোগীর স্বজনেরা। তাঁদের সামলাতে ব্যস্ত ছিলেন দুজন আনসার সদস্য।
এদিকে ১১ নম্বর ওয়ার্ডের সামনের করিডরে একটি বিছানায় বসে আহাজারি করছিলেন বাবা হৃদয় আলী। ডেঙ্গু আক্রান্ত হয়ে নিজেই হাসপাতালে চিকিৎসাধীন, এর মধ্যে ছোট সন্তানকে হারানোর শোকে ভেঙে পড়েন তিনি। পাশেই চিকিৎসাধীন ছিল ছয় বছরের মেয়ে উম্মে খাদিজা। পরিবারের সদস্যদের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে যখন হিমশিম খেতে হচ্ছিল, তখন এই দুর্ঘটনা পরিবারটির ওপর আরও বড় বিপর্যয় হয়ে আসে।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।’
তিনি আরও বলেন, হাসপাতালের দাপ্তরিক ও পুলিশের আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।