রামেক হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বহিষ্কৃত দুই ইন্টার্ন চিকিৎসককে ঘিরে সৃষ্ট উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে ডিসিপ্লিনারি কমিটির সভা শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে ওই দুই চিকিৎসকের হাতাহাতি হয়। একপর্যায়ে তাঁরা পরিচালকের কার্যালয়ে আশ্রয় নিলে পরিস্থিতির অবনতি ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁদের পুলিশের হাতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক।
পরিচালকের দেওয়া বিবৃতিতে বলা হয়, ছয়জন ইন্টার্ন চিকিৎসকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় তাঁর কার্যালয়ে ডিসিপ্লিনারি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে হাসপাতালের স্মারক নম্বর রামেকহা/প্রশা/৭৩০৫, তারিখ ৯ নভেম্বর ২০২৬ অনুযায়ী সভা আহ্বান করা হয়েছিল। আবেদনকারী ছয়জনের মধ্যে তিনজনকে বিগত সরকারের সমর্থনপুষ্ট এবং ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ওই তিনজনের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি সিদ্ধান্ত নেয়, তাঁদের দুই বছরের জন্য ইন্টার্নশিপ স্থগিত ও হোস্টেল থেকে বহিষ্কারের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিই এ বিষয়ে মতামত দেবে। সিদ্ধান্ত গ্রহণ শেষে কমিটির সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন এবং উপস্থিত সবাইকে চলে যাওয়ার নির্দেশ দেন।
এরপর হাসপাতালের বাইরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে বহিষ্কৃত দুই ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। একপর্যায়ে ওই দুই চিকিৎসক পুলিশের সহায়তায় পরিচালকের কক্ষে আশ্রয় নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। এ সময় বাইরে অবস্থানরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দরজায় আঘাত করতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, উপস্থিত ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। পরে বহিষ্কৃত দুই ইন্টার্ন চিকিৎসককে পুলিশের হাতে সোপর্দ করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।