চাঁপাইনবাবগঞ্জে চার অবৈধ ইটভাটায় অভিযান, ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চারটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটাগুলোর চিমনি ও কিলন (ইট পোড়ানোর চুল্লি) ভেঙে ফেলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইটভাটাগুলোর কার্যক্রম।
রোববার (৮ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী কাঠ পোড়ানো এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে তিনটি ইটভাটাকে ছয় লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর ইটভাটাটির চিমনি ও কিলন সম্পূর্ণ ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে মেসার্স সেবা ব্রিকস, মেসার্স এ আর বি ব্রিকস এবং মেসার্স টিজিবি ব্রিকসকে ছয় লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া সেবা ব্রিকসের বৈদ্যুতিক মিটার খুলে নেওয়া হয়েছে। অপরদিকে, মেসার্স তামিম ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন প্রদান করেন। এ সময় জেলা পুলিশ, এসআরবি-৫, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির চারটি পৃথক দল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অভিযান পরিচালনায় সহায়তা করে।
পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।