সোমবার, নভেম্বর ০৯, ২০২৬
রাজশাহী
09 Nov, 2026

জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ০৮ নভেম্বর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন রাজশাহী
নিজস্ব প্রতিবেদক : ০৮ নভেম্বর ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 ‘করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এরপর একাডেমির মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর নাম উল্লেখ থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সমবায়ের চেতনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মো. মোখলেছুর রহমান।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।