শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
খেলা
09 Sep, 2026

উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

WP Import ০২ মার্চ ২০২৬ ১২:১৭ অপরাহ্ন খেলা
WP Import ০২ মার্চ ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত
উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক : অঘোষিত কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের শেষ ম্যাচে ক্যারিবীয়দের ৫ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল আয়োজক দেশটি। আর ভারতের কাছে হারের কারণে বিশ্বকাপের যাত্রা এখানেই শেষ হলো উইন্ডিজের। ১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এরআগে শুরুতেই সাজঘরে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হন ইষাণ কিষাণও। আউট হওয়ার আগে দুজনই ১০ রান করে করেন। তৃতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার স্যাঞ্জু স্যামসন ও দলনেতা সূর্যকুমার যাদব। সেই সঙ্গে রান রেটটাও ঠিক রাখেন তারা। দুজন মিলে গড়েন ৫৮ রানের জুটি। শামার জোসেফের করা বলে শেরফাইন রাদারফোর্ডের হাতে সূর্যকুমার ক্যাচ তুলে দিলে ভাঙে এই জুটি। ভারতের অধিনায়ক আউট হয়েছেন ১৬ বলে ১৮ রানে। পরের উইকেটে ১৫ বলে ২৭ রান করেন তিলক ভার্মা। ১৪ বলে ১৭ রানে ফেরেন হার্দিক পান্ডিয়া।

এদিকে আপনতালে খেলে যান ওপেনার স্যাঞ্জু স্যামসন। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ৯৭ রানে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫০ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১২টি চার ও ৪টি ছয়ে সাজানো। আর ৮ রানে অপরাজিত থাকেন শিবম দুবে।

এর আগে ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ক্যারিবীয়রা। ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। ৩৩ বলে ৩২ রান করে আউট হন ওপেনার ও দলনেতা সাই হোপ। আরেক ওপেনার রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান।

ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি অনফর্ম ব্যাটার শিমরন হেটমায়ার ও শেরফাইন রাদারফোর্ড। ১২ বলে ২৭ রান আউট হন হেটমায়ার। আর ৯ বলে ১৪ রান করেন রাদারফোর্ড। ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি। তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৯ বলে ৩৪ রানে রোভম্যান পাওয়েল এবং ২২ বলে ৩৭ রানে জেসন হোল্ডার অপরাজিত থাকেন।

ভারতের সবচেয়ে সফল বোলার জাস্প্রীত বুমরাহ। ৪ ওভারে ৩৬ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন এই ডানহাতি পেসার। এছাড়া একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তী।